28.7 C
Dhaka
Wednesday, June 10, 2026

আমরা কর্পোরেটদের হাতে কোনভাবেই জিম্মি নই- উপদেষ্টা আসিফ

advertisment
- Advertisement -spot_img

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “পূর্ববর্তী সরকারগুলো কর্পোরেট গোষ্ঠীর প্রভাবের মধ্যে ছিল, কিন্তু আমরা কোনোভাবেই কর্পোরেটদের নিয়ন্ত্রণে নেই।”

শনিবার ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটির (সিসিএস) আয়োজিত ভোক্তা অধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আমরা যে কোনো কঠোর ব্যবস্থা নিতে স্বাধীন, এবং প্রয়োজন হলে কঠোর পদক্ষেপ নিতে পিছপা হচ্ছি না।”

সরকারের জন্য মাঠ প্রশাসনকে সক্রিয় করা একটি বড় চ্যালেঞ্জ ছিল জানিয়ে আসিফ মাহমুদ বলেন, “আমরা প্রশাসনকে সক্রিয় করতে কাজ করছি এবং এতে পরিবর্তনও আসছে। তবে মাঝে মাঝে কাজ বাস্তবায়নে বাধা আসে, যা হতাশাজনক।”

অর্থ পাচার ও ঋণ খেলাপিদের বিরুদ্ধে সরকার শক্ত পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, “বড় প্রতিষ্ঠানগুলোর অপকর্মের জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে কর্মীদের এতে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, কারণ ব্যক্তিগত অপরাধের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিই শাস্তি পাবেন।”

বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার রক্ষার পাশাপাশি প্রত্যেক জেলায় টাস্কফোর্স গঠন করা হয়েছে বলেও জানান উপদেষ্টা।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, “বাংলাদেশে কৃষির বাজার খুব বড়, যা মোট জিডিপির প্রায় ১৫ শতাংশ। এটি তরুণদের জন্য একটি দারুণ সুযোগ। যারা কৃষি খাতে কাজ করতে চাইবে, তাদের নিজস্ব উন্নতির পাশাপাশি সমাজের কল্যাণেও অবদান রাখতে পারবে।”

তিনি আরও যোগ করেন, “তরুণদের কৃষিতে এগিয়ে আসার আহ্বান জানাই, এবং সরকার তাদের সর্বাত্মক সহায়তা করবে। কোনো বাধা এলে সরকার তা দূর করতে প্রস্তুত।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ