28.5 C
Dhaka
Wednesday, June 10, 2026

কোনো দুর্বল ব্যাংক বন্ধ করা হবে না – অর্থ উপদেষ্টা

advertisment
- Advertisement -spot_img

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার কোনো ব্যাংক বন্ধ করার পরিকল্পনা করছে না। তিনি বলেন, ব্যাংকিং খাতে বর্তমানে কিছু ব্যাংক ভালো অবস্থানে ফিরে আসছে। যদিও কয়েকটি দুর্বল ব্যাংক কিছুটা সমস্যায় আছে, তবে কোনো ব্যাংক বন্ধ হবে না।

আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সেখানে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের আর্থিক খাতের আইন-কানুন দুর্বল নয়। তবে কিছু ব্যাংক আইন মেনে না চলা এবং কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমে ঘাটতির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, কিছু ব্যাংক সমস্যায় থাকলেও সেগুলো বন্ধ না করে উন্নতির পথে নিয়ে আসার চেষ্টা চলছে।

সালেহউদ্দিন আহমেদ জানান, ব্যাংক খাত সংস্কারের জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু ব্যাংক ইতোমধ্যেই উন্নতির দিকে এগোচ্ছে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন ইসলামী ব্যাংক, যা দেশের বৃহত্তম ব্যাংক এবং এখন ভালো অবস্থানে ফিরে আসছে।

তিনি আরও জানান, সুশাসন নিশ্চিত করতে নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে। পুঁজিবাজার সংস্কারেও নতুন নিয়োগ দেওয়া হয়েছে।

বাজেটের ব্যয় কমানোর উদ্যোগের কথাও উল্লেখ করেন উপদেষ্টা। তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ হবে না। তবে এডিপির আওতায় কিছু অপ্রয়োজনীয় প্রকল্প, যা রাজনৈতিক কারণে নেওয়া হয়েছিল, সেগুলো পর্যালোচনা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ