বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, নিত্যপণ্যের দাম সামান্য কমেছে এবং আগামী রমজানকে সামনে রেখে বাজারকে আরও সহনশীল করার চেষ্টা চলছে। তিনি বলেন, “আমরা চাহিদা ও জোগানের মধ্যে ভারসাম্য বজায় রাখতে কাজ করছি, যাতে সাধারণ মানুষ স্বস্তি পায়।”
আজ শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেখানে ডিআরইউ’র প্রয়াত সদস্যদের সন্তানদের মধ্যে বৃত্তির চেক বিতরণ করা হয়।
শেখ বশিরউদ্দীন অতীতের সরকারের কঠোর সমালোচনা করে বলেন, “গত ১৫ বছরে দেশে একটি অপরাধকেন্দ্রিক সংস্কৃতি গড়ে উঠেছিল। সমাজ বিভক্ত ও বিভিন্ন সেক্টরের মানুষ ভীতসন্ত্রস্ত ছিল।”
তিনি আরও বলেন, “অপরাধীকরণ ব্যবসা-বাণিজ্য, ব্যাংকিং বা সাংবাদিকতা—প্রতিটি খাতে ছড়িয়ে পড়েছিল। এমনকি জাতীয় মসজিদের খতিবকেও দেশ ছাড়তে হয়েছিল। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। এর মূল লক্ষ্য হলো একটি মর্যাদাপূর্ণ ও সুস্থ সমাজব্যবস্থা গড়ে তোলা।”
বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে শেখ বশিরউদ্দীন বলেন, “জ্ঞান অর্জন একটি চলমান প্রক্রিয়া। কঠোর পরিশ্রম ও লক্ষ্য অর্জনের দৃঢ় প্রত্যয়ই সফলতার মূল চাবিকাঠি।”
অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি মো. শুকুর আলী শুভ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ডিআরইউ সাধারণ সম্পাদক মহি উদ্দিন।


