27.6 C
Dhaka
Saturday, June 13, 2026

পুলিশ কর্মকর্তাকে কোপালো আওয়ামী নেতা-ছেলে, গ্রেপ্তার

advertisment
- Advertisement -spot_img

কুষ্টিয়ায় ধারালো বটি দিয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) এক উপপরিদর্শক (এসআই) ইসরাফিল হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ ও তার ছেলে শাহরিয়ার প্রণয়। আহত অবস্থায় এসআই ইসরাফিলকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) দুপুরে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় একটি হত্যা মামলার আসামি গ্রেপ্তারে গেলে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যাকাণ্ডের তদন্তাধীন মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক হারুনুর রশিদ।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ডিবি পুলিশের একটি দল শহরের ছয় রাস্তার মোড় সংলগ্ন থানাপাড়া এলাকায় হারুনের বাড়িতে অভিযান চালায়। পুলিশকে দেখে হারুন পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে। এ সময় তার ছেলে প্রণয় ছুটে এসে পুলিশ সদস্যদের ওপর আক্রমণ চালায়।

পরে পিতা-পুত্র মিলে ধারালো অস্ত্র দিয়ে এসআই ইসরাফিল হোসেনকে উপর্যুপরি কুপিয়ে জখম করে। তার পিঠে দুটি কোপ লাগে, এতে তিনি গুরুতর আহত হন।

ঘটনার পর আহত পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হারুনুর রশিদ ও শাহরিয়ার প্রণয়কে গ্রেপ্তার করে।

এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় পুলিশের ওপর হামলা ও কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,

“আসামি হারুনুর রশিদ ও তার পুত্র শাহরিয়ার প্রণয়কে গ্রেপ্তার করা হয়েছে। সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ