27.2 C
Dhaka
Sunday, June 14, 2026

সুদের টাকা না দেওয়ায় বৃদ্ধকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ

advertisment
- Advertisement -spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধি |
সিরাজগঞ্জের তাড়াশে পাওনা টাকা না দেওয়ায় এক বৃদ্ধকে মসজিদ থেকে তুলে নিয়ে গিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে পুলিশ তাকে উদ্ধার করেছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের কালিদাসনিলী গ্রামে।

ভুক্তভোগীর পরিবার জানায়, ওই গ্রামের মোজাম আলী (৭০) নিয়মিতের মতো জুমার নামাজ পড়তে বাড়ির পাশের মসজিদে যান। নামাজ শেষে বের হওয়ার সময় একই গ্রামের আলাল (৩৫), আব্দুল মোন্নাফ (৩৬), শামসুল হক (৪০)শিহাব উদ্দিনসহ কয়েকজন তার পথরোধ করে। তারা মোজাম আলীর প্রবাসী ছেলের কাছে সুদের ওপর নেওয়া ৫০ হাজার টাকা ফেরত দাবি করে।

মোজাম আলী জানান, তিনি বিষয়টি জানেন না। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা তার হাতে থাকা লাঠি ছিনিয়ে নিয়ে মারধর শুরু করে। পরে তাকে টেনে-হিঁচড়ে আলালের বাড়িতে নিয়ে গিয়ে আটকে রাখে।

খবর পেয়ে তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মোজাম আলীকে উদ্ধার করেন।

তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। অভিযুক্তরা পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ