জামায়াতে ইসলামী কোরআন ও সুন্নাহর নির্দেশিত সৎ লোকের শাসনের নমুনা পূর্বেও দেখিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের অনন্তপুর এলাকায় আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। পরে দর্জিপাড়া ও ডাঙ্গাপাড়া এলাকায় গণসংযোগ করেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এই সংসদ সদস্য প্রার্থী।
জামায়াতের সততার দৃষ্টান্ত তুলে ধরে এটিএম আজহারুল ইসলাম বলেন, “জোট সরকারের আমলে জামায়াতে ইসলামীর দুইজন শীর্ষ নেতা তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। ওই পাঁচ বছরের শাসনামলে এক টাকারও দুর্নীতি জামায়াতের ঘোরতর বিরোধীরাও মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে পায়নি। আগামীতে জনগণ যদি জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তবে আমরা সততার সঙ্গে সমাজ ও রাষ্ট্র পরিচালনা করব এবং আল্লাহর নির্দেশিত পথে জনগণের আমানত যথাযথভাবে সংরক্ষণ করব।”
কারাবন্দি থাকার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমাকে মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষী দিয়ে ১৪ বছর কারাগারে আটকে রাখা হয়েছিল। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এভাবে দেশের বহু আলেম, যুবক, নারী ও শিশুকে নির্বিচারে হত্যা ও গুম-নির্যাতন করেছে ক্ষমতায় থাকার জন্য। কিন্তু ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশ আজ জুলুমমুক্ত হয়েছে।”
তিনি আরও বলেন, “অতীতে অনেক দলকে ক্ষমতায় দেখেছেন, এবার জামায়াতে ইসলামীকেও সুযোগ দিন। আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে পরীক্ষা করুন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ভোট দিয়ে নির্বাচিত করলে সরকারি বরাদ্দের জনগণের আমানত যথাযথভাবে কল্যাণের কাজে ব্যবহার করব ইনশাআল্লাহ।”
পথসভা ও গণসংযোগে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এস এম আলমগীর হোসেন, সেক্রেটারি মাওলানা ইয়াকুব আলী, পেশাজীবী পরিষদের সভাপতি মোহাম্মদ লেবু মিয়া, কুর্শা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ মোহছেনুল হক প্রামাণিক প্রমুখ।


