চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে র্যাবের অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে সাবেক ইউনিয়ন চেয়ারম্যান খায়েজ আহমদের বাড়িতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে ৩টি একনলা বন্দুক, ৬টি ওয়ান শুটার গান, ৫টি চাইনিজ কুড়াল, ১টি তলোয়ার, ৫টি রামদা এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে—মো. কামাল (৫০) ও সোহেল আহম্মদ (৪৪)। গ্রেপ্তারকৃত কামাল বিএনপির কর্মী এবং সাবেক ইউপি চেয়ারম্যান খায়েজ আহমদের ছেলে। তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বলে জানা গেছে। সোহেল তার চাচাতো ভাই।
র্যাব জানায়, রাউজান এলাকায় দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি অবৈধভাবে অস্ত্র তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, গ্রেপ্তারকৃত কামালের নামে রাউজান থানায় কমপক্ষে তিনটি মামলা রয়েছে। তিনি স্থানীয় অস্ত্র ব্যবসায়ী সিন্ডিকেটের সদস্য হিসেবে বিভিন্ন অপরাধী গোষ্ঠীর কাছে অস্ত্র সরবরাহ করতেন বলে ধারণা করা হচ্ছে।
চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন জানান, জব্দকৃত অস্ত্র ও সরঞ্জামসহ গ্রেপ্তারদের রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।


