গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, গুন্ডামি-সন্ত্রাস করে আর কেউ জনপ্রতিনিধি হতে পারবে না। কেন্দ্র দখল করে জনগণের ভোট ছাড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান বা এমপি হওয়ার সুযোগ আর থাকবে না বলেও তিনি মন্তব্য করেন।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে পটুয়াখালীর দশমিনা উপজেলার গছানী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
ভিপি নুর বলেন, আগামীতে বাংলাদেশে একটি ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন নির্ধারণ করে দেবে বাংলাদেশ কোন পথে এগোবে। গত ৫০ বছরের রাজনীতিতে ‘ধর-মার-খা’ সংস্কৃতি চলে এসেছে উল্লেখ করে তিনি বলেন, জনপ্রতিনিধিরা উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে লুটপাটই বেশি হয়। একটি মসজিদের জন্য তিন লাখ টাকা বরাদ্দ এলে দেড় লাখ টাকা দেওয়া হয়, রাস্তার জন্য দুই কোটি টাকা বরাদ্দ এলে বাস্তবে এক কোটি টাকার কাজও হয় না—এমন অভিযোগও করেন তিনি।
গণঅধিকার পরিষদের বাঁশবাড়িয়া ইউনিয়ন শাখার সদস্য সচিব ইমরান হাওলাদারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আহ্বায়ক মফিজুর রহমান মাহফুজ। অনুষ্ঠানে স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভিপি নুরুল হক নুর পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। এ আসনে এখনো বিএনপি প্রার্থী ঘোষণা করেনি। গুঞ্জন রয়েছে—জোট হলে এ আসনটি বিএনপি নুরের জন্য ছেড়ে দিতে পারে। এ আসনে তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনকে।


