বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন কোনো ধরনের ঝামেলা ছাড়াই সম্পন্ন হবে বলে বিএনপি আশাবাদী। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশ এখন গণতন্ত্রের উত্তরণের পথে। অন্তর্বর্তীকালীন সরকার সম্ভাব্য নির্বাচনের সময় ঘোষণা করেছে এবং অধিকাংশ রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা দিয়েছে। এতে নির্বাচনের পরিবেশ ইতিবাচক হয়েছে।”
তিনি আরও বলেন, “বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট অনুকূল। কোনো অবস্থাতেই নির্বাচন ব্যাহত হওয়ার মতো পরিস্থিতি নেই, এমন আশঙ্কাও আমরা করি না।”
চট্টগ্রাম বন্দরে ‘হ্যান্ডলিং লিংক’ দেওয়ার বিষয়ে প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, “চট্টগ্রাম পোর্টকে হ্যাডলিঙ্ক দেওয়া হয়েছে—তারা ভালো মনে করেই দিয়েছে। বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি।”
বিএনপির মনোনয়ন–সম্পর্কিত অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি বড় রাজনৈতিক দল—নদীর মতো। অনেক আসনে ৪–৫ জন করে প্রার্থী থাকে। কিছু সমস্যা হবেই, আগেও হয়েছে। এতে কোনো অসুবিধা নেই; বরং এটা প্রমাণ করে, বিএনপি একটি বৃহৎ দল।”


