আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের দৃশ্যমান প্রচারণা এখনও শুরু না হলেও একই সময়ে গণভোট উপলক্ষে ‘হ্যাঁ’ ভোটে ভোটারদের উৎসাহিত করতে ব্যাপক প্রচারণা চালাচ্ছে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা প্রশাসন।
সোমবার (১৯ জানুয়ারি)সহ গত কয়েকদিন ধরে সরেজমিনে দেখা গেছে, পিরোজপুর-২ আসন (ভান্ডারিয়া–কাউখালী–নেছারাবাদ) এর অন্তর্ভুক্ত ভান্ডারিয়া উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এই প্রচারণা চলছে। উপজেলা সদর পৌরসভাসহ উপজেলার ছয়টি ইউনিয়নে এই কার্যক্রম চোখে পড়েছে। পাশাপাশি উপজেলার জনবহুল এলাকা ছাড়াও প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও প্রচারণা কার্যক্রম লক্ষ্য করা গেছে।
উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেহেনা আক্তার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহীন শরীফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রচারণায় অংশ নিচ্ছেন। এ সময় উপস্থিত কয়েকজন ভোটার জানান, তারা বিষয়টি শুনেছেন এবং লিফলেট গ্রহণ করেছেন। তবে ভোট দেওয়ার বিষয়টি ভোটকেন্দ্রে গিয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান তারা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহীন শরীফ বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদসহ রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে সরকার এবং নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য এই প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও রেহেনা আক্তারের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় যৌথভাবে এই কার্যক্রম অব্যাহত রয়েছে।
ইউএনও রেহেনা আক্তার জানান, গণভোটে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণার অংশ হিসেবে পথসভা আয়োজন করা হচ্ছে। পাশাপাশি নির্বাচন কমিশন থেকে সরবরাহকৃত লিফলেট বিতরণ করা হচ্ছে এবং পৌরসভাসহ উপজেলার সব ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ড্রপডাউন ব্যানার টাঙানো হয়েছে।


