দেশের সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখেই সারা দেশে ৩৭ হাজারেরও অধিক বিজিবি সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে গোপালগঞ্জ জেলার মৎস্য ইনস্টিটিউটে অবস্থিত বিজিবির অস্থায়ী ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।
এ সময় তিনি আরও বলেন, নির্বাচনকালে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় বিজিবির র্যাপিড অ্যাকশন টিম (র্যাট) এবং হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) প্রস্তুত থাকবে, যারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হবে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড ইউনিটও মোতায়েন থাকবে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দক্ষিণ-পশ্চিম রিজিয়নের ১৮টি জেলার ১০৮টি উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালন করবে বিজিবি। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ৯৩টি অস্থায়ী বেজ ক্যাম্প থেকে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন বিজিবির জোয়ানরা।
বিশেষ করে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) তাদের আওতাধীন তিনটি জেলার ১১টি সংসদীয় আসনে ৩১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করেছে। এর মধ্যে গোপালগঞ্জ জেলাতেই ৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।


